Wednesday, August 24, 2016

বিচিত্র মানসিক সমস্যা

মানুষের মন তথা মস্তিষ্ক বিচিত্র অঙ্গ। মাঝে মধ্যেই এর ভেতরে দেখা দেয় অদ্ভুত সব সমস্যা আর প্রতিক্রিয়া। আর স্বাভাবিক চিন্তাভাবনার বাইরে যখন মস্তিষ্কে নানা রকম অদ্ভুত ক্রিয়া-কর্ম চলতে থাকে তখনই তা মানসিক সমস্যা হিসেবে ধরা পড়ে। এ ধরনের কিছু অদ্ভুত মানসিক সমস্যাকে চিনে রাখুন।

অটোফ্যাজিয়া

যাদের এই মানসিক সমস্যাটি রয়েছে তারা ক্রমাগত নিজের শরীরকে ব্যথা দিতে থাকেন। অনেকটা কমপালশনের পর্যায়ে পেঁৗছে যায়! এটা শুনে তেমন অস্বাভাবিক মনে না হলেও পরের যে কথাটি বলব তা নিঃসন্দেহে অস্বাভাবিক। অটোফ্যাজিয়া আক্রান্ত মানুষ নিজের শরীর কামড়ায়, এমনকি কখনও কখনও শরীরের কিছু অংশ খেয়েও ফেলে। প্রচণ্ড বিষণ্নতা, সিজোফ্রেনিয়া ইত্যাদি মানসিক সমস্যার পাশাপাশি অটোফ্যাজিয়া দেখা দিতে পারে।

অ্যামপিউটি আইডেন্টিটি ডিজঅর্ডার

মানসিক সমস্যা হওয়ার পাশাপাশি এটি এক ধরনের স্নায়বিক সমস্যাও। রোগী মনে করেন তিনি নিজের শরীরের কোনো বিশেষ একটি অঙ্গ ছাড়াই ভালোভাবে বাঁচতে পারবেন। এই বিশ্বাস থেকে তারা নিজেরাই নিজেদের অঙ্গচ্ছেদ করার চেষ্টা করে থাকেন।

অনিওম্যানিয়া

যারা খুব বেশি কেনাকাটা করে থাকেন তাদের আমরা প্রায়ই শপাহলিক বলে চিহ্নিত করে থাকি। কখনও কখনও তো কেনাকাটা করতে শুরু করলে আর থামতেই পারেন না। একেবারে ফতুর হয়ে না যাওয়া পর্যন্ত তারা ক্রমাগত কেনাকাটা করতেই থাকেন। এটাও কিন্তু একটা মানসিক রোগ, যার নাম অনিওম্যানিয়া।

কটার্ড'স সিনড্রোম

এই অসুখটিও একাধারে স্নায়বিক এবং মানসিক। এ ক্ষেত্রে রোগী নিজেকে মৃত মনে করেন এবং অনেক সময় অমর বলেও মনে করতে থাকেন।

ক্লিনিক্যাল লাইক্যানথ্রপি

এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি মনে করেন, তিনি হঠাৎ করেই কোনো একটি জন্তুতে রূপান্তরিত হয়ে গিয়েছেন। কখনও কখনও তো তারা সেই বিশেষ জন্তুর মতো আচরণও করা শুরু করে দেন।

প্যারিস সিনড্রোম

এই সমস্যাটা দেখা দেয় শুধু প্যারিসে বেড়াতে যাওয়া জাপানি টুরিস্টদের মধ্যে। জাপানিরা সাধারণত একটু বেশিই নমনীয় স্বভাবের হয়ে থাকেন। ফলে স্পষ্টভাষী স্বভাবের ফরাসিদের আচরণে তারা যে 'কালচার শক' পান, তারই একটি তীব্র রূপ হলো প্যারিস সিনড্রোম। 

No comments:

Post a Comment